অসত্য ও বিদ্বেষপূর্ণ সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর ও দেশ টিভিকে পাঁচশত কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আদনান ইমাম।
আদনান ইমামের পক্ষে তাঁর আইনজীবী ব্যরিস্টার খান নাশিদ হাসান আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণমাধ্যম দুটিতে নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, কোনো প্রকার বাস্তব তথ্য-প্রমাণ ছাড়াই আদনান ইমামের বিরুদ্ধে অপপ্রচার করেছে দৈনিক যুগান্তর ও দেশ টিভি, যা তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
নোটিশে দৈনিক যুগান্তর এর প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক সাইফুল আলম, দুই প্রতিবেদক মাহবুব আলম লাবলু ও কায়েস আহমেদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অন্যদিকে দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের বিরুদ্ধেও অভিযোগ করা হয়।
সম্প্রতি ‘ব্যাংক ঋণের ২ হাজার কোটি টাকা লোপাট’ ও ‘লুটপাট পাচার ও পুঁজিবাজার কারসাজির অন্যতম কারিগর আদনান’ শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় দুইটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে আদনান ইমামের বিরুদ্ধে এনআরবিসি ব্যাংক লুটপাট, ঋণ খেলাপ, কমিশন বাণিজ্য, মানি লন্ডারিং, রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজসে দুর্নীতি ও শেয়ারবাজার কারসাজির অভিযোগ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, আদনান ইমাম ইক্সোরা অ্যাপারেলস, পলিগন ফ্যাশন, রিল্যাক্স ফ্যাশন, ইনসাইড নিট কম্পোজিট, সাফি নিট, ফাইভ এফ অ্যাপারেলস, ব্লেসিংস নিটওয়্যার ও সিলভার অ্যাপারেলসসহ প্রায় ১৫টি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান দখল করেন।
এছাড়াও দেশ টিভির সংবাদে ও অনলাইন প্ল্যাটফর্মে একই ধরণের অসত্য ও মানহানিকর খবর প্রচার করা হয় বলে আইনি নোঠিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে অতিসত্বর (নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে) গণমাধ্যমে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও সংশোধনী প্রকাশ করতে হবে, অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচশত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হবে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪