ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) লুকিয়ে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ এবং বিচার দাবিতে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) “জুলাই-আগস্টে আহত ও নিহত পরিবারসহ সচেতন নাগরিকবৃন্দ”-এর ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ডিএনসিসির নগর ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ও নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানসহ কিছু কর্মকর্তা বিগত স্বৈরাচার সরকারের সময়ে অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন এবং তারা টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে ঠিকাদার নিয়োগ দিয়েছেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, শরীফ উদ্দিন বঙ্গবন্ধু পরিষদ নামে একটি ভুঁইফোড় সংগঠনের সহ-সভাপতি এবং তার শ্বশুর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আইনবহির্ভূতভাবে পদোন্নতি লাভ করেছেন।
এছাড়াও অভিযোগ করা হয়, 'মাইশা কনস্ট্রাকশন' নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে একচেটিয়া কাজ দেওয়া হতো, যার আড়ালে প্রকৃত মালিক ছিলেন উপরোক্ত প্রকৌশলীরা।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং প্রশাসনে অসহযোগিতা করতে এখনো এই কর্মকর্তারা সক্রিয় রয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
স্মারকলিপিতে উত্থাপিত চারটি মূল দাবি হলো: অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিনসহ চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ। তদন্তের মাধ্যমে স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত সকল অবৈধ কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। স্বৈরাচার আমলে দেওয়া সকল অবৈধ লাইসেন্স বাতিল করা।
অভিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যখন যে সরকার দায়িত্বে থাকে আমরা সে সরকারের আদেশ পালন করি। এখন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আমাদের কয়েকজনের বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সচেতন নাগরিকদের ব্যানারে স্মারকলিপি দিয়ে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আমরা অভিযোগগুলো আমলে নিয়েছি এবং তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪