ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌ. মোঃ আখেরুজ্জামান, সদস্য সচিব প্রকৌ. মো. ইমাম উদ্দিন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মো. কবীর হোসেন, প্রকৌ. মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. মো. সোলায়মান (ভিপি) প্রমুখ ।
মানববন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ‘উপ-সহকারী প্রকৌশলী/সমমান' নির্ধারণ করে এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩% সংরক্ষণ করে । পরবর্তীতে ১৯৯৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত “উপ-সহকারী প্রকৌশলী পদটি ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দেয়া হয়
এছাড়া, বিএনবিসি-২০২০ এ প্রকৌশলী সংজ্ঞায় বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী নির্ধারণ করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লব উত্তর বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে যখন জাতি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদটি সবার জন্য উন্মুক্তকরা, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি বাদ দিয়ে সরাসরি নিয়োগ দেয়া এবং বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ প্রকৌশলী পদবী ব্যবহার নিষিদ্ধের দাবিতে অযৌক্তিক আন্দোলন করে প্রকৌশল শিক্ষা ও কর্মাঙ্গনে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। যা অপ্রত্যাশিত ও অনাকাংখিত। তারা এ ধরনের ন্যাক্কারজনক দাবি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানের পাশাপাশি নেতৃবৃন্দ অবিলম্বে সংগ্রাম পরিষদের ৭ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ।
মানববন্ধন থেকে প্রকৌশল কর্ম ও শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা রক্ষায় উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূর করা, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্ধুদ্ধ করতে প্রকৌশল কর্মক্ষেত্রে
ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয় ।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪