ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রশাসক মো. আব্দুস সালাম। দুর্নীতিবাজ ও অদক্ষ কর্মীদের সরিয়ে দক্ষ ও যোগ্য জনবল পদায়নের অংশ হিসেবে একাধিক প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এতে রাজনৈতিক পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক অফিস আদেশে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. আরিফ চৌধুরীকে তার মূল পদ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে ফেরত পাঠানো হয়েছে। ফলে তিনি ১২তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে নেমে যান।
আরিফ চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শ্রমিক দলের একাংশের সভাপতি হিসেবে পরিচিত। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি তৎকালীন প্রশাসকের ওপর চাপ প্রয়োগ করে কম্পিউটার অপারেটর পদ থেকে এক লাফে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন তত্ত্বাবধায়কের দায়িত্ব নেন বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি প্রাতিষ্ঠানিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে।
আরও জানা যায়, আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পান বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপে তিনি মেয়র পদে বসতে ব্যর্থ হন। এ ঘটনায় দীর্ঘ ৪০ দিনের বেশি সময় ধরে আন্দোলন চলতে থাকে এবং একপর্যায়ে সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সময় অফিস বন্ধ থাকলেও কোটি টাকার জ্বালানি খরচ বাবদ অর্থ উত্তোলনের অভিযোগ ওঠে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে ওই সময় দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় সিটি করপোরেশন অচল থাকলেও শত কোটি টাকার জ্বালানি বিল উত্তোলন করা হয় এবং এর সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
এছাড়া সদ্য শেষ হওয়া ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে চাহিদামতো জ্বালানি সরবরাহ না করায় বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দেয় বলে জানা যায়। অভিযোগ রয়েছে, জ্বালানি চুরি ও অপব্যবহারের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সিটি করপোরেশনের অফিস আদেশে বলা হয়েছে, কেন্দ্রীয় পরিবহন পুল একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিভাগের সুষ্ঠু ও মানসম্মত কার্যক্রম পরিচালনার স্বার্থে দক্ষ ও যোগ্য কর্মী পদায়ন প্রয়োজন। সেই প্রেক্ষিতে প্রশাসনিক স্বার্থে মো. আরিফ চৌধুরীকে পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকে ফেরত পাঠানো হয়েছে।
একই আদেশে কেন্দ্রীয় পরিবহন পুলে সংযুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইমরান হোসাইনের সংযুক্তির আদেশ বাতিল করে তাকে তার মূল কর্মস্থল সিভিল সার্কেলে ফেরত পাঠানো হয়। অন্যদিকে সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহম্মেদকে পরিবহন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪