
ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক কাজে আসতে পারে বলে জানিয়েছেন ইলন মাস্ক।
শুক্রবার সকালে ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট পুনরায় শেয়ার করেন। ওই পোস্টে ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে স্টারলিঙ্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পোস্টটিতে দাবি করা হয়, ভারতে বিপুলসংখ্যক ইন্টারনেট সাবস্ক্রিপশন থাকলেও এখনো ১১ হাজার ২৫৬টি গ্রামে ৪জি সংযোগ নেই। একই সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল অবকাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়।
মাস্ক তাঁর পুনঃশেয়ার করা পোস্টের সঙ্গে মন্তব্য করেন, ‘স্টারলিঙ্ক ভারতের সবচেয়ে সুবিধাবঞ্চিত, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষকে সাহায্য করবে।’
ভারতের গ্রামীণ অঞ্চলে ব্রডব্যান্ড সুবিধা বাড়াতে ‘ভারতনেট’ প্রকল্পের আওতায় বিপুল পরিমাণ অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়েছে। প্রকল্পের আওতায় ৮ লাখ ৫০ হাজার রুট-কিলোমিটারের বেশি ফাইবার এবং ৮০ হাজার ৪৭২টি সচল গ্রাম পঞ্চায়েত পয়েন্ট অব প্রেজেন্স থাকার কথাও পোস্টটিতে উল্লেখ করা হয়েছে।
স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়। ফলে প্রচলিত ফাইবার বা মোবাইল টাওয়ার স্থাপন কঠিন—এমন প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে দুর্গম ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অঞ্চলে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভারতে স্টারলিঙ্কের কার্যক্রম নিয়ে অবশ্য এখনো কিছু নিয়ন্ত্রক ও নিরাপত্তাসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয় রয়েছে। দেশটিতে বাণিজ্যিকভাবে ব্রডব্যান্ড সেবা চালুর আগে প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।
স্টারলিঙ্কের সম্ভাব্য প্রবেশ নিয়ে ভারতের রাষ্ট্রায়ত্ত বিএসএনএলসহ অন্যান্য টেলিকম প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগও রয়েছে। তবে ভারতের কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর সম্প্রতি বলেছেন, দেশটিতে স্টারলিঙ্কের গ্রাহকসংখ্যা সর্বোচ্চ ২০ লাখের মধ্যে থাকতে পারে। তাঁর মতে, এর ফলে বিদ্যমান টেলিকম সেবায় বড় ধরনের প্রভাব পড়বে না।
স্টারলিঙ্কের অন্যতম সুবিধা হলো ফাইবার কেবল ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া। এ কারণে দুর্গম অঞ্চলে দ্রুত সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেবাটির সক্ষমতা সীমিত এবং প্রচলিত টেলিকম সেবার তুলনায় খরচ বেশি হওয়ায় এর ব্যবহার নিয়ে প্রশ্নও রয়েছে।
বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে স্টারলিঙ্কের সেবা চালু রয়েছে। ভারতের প্রতিবেশী বাংলাদেশ ও ভুটানেও প্রতিষ্ঠানটির সেবা চালু আছে। ভারতে স্টারলিঙ্কের সম্ভাব্য মাসিক খরচ ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার রুপির মধ্যে হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪