
দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাবে এ তথ্য পাওয়া গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিএসের ওয়েবসাইটে আগস্টের তথ্য প্রকাশ করা হয়।
তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হারও কমেছে।
গত বছরের আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে মাত্র ০ দশমিক ০৩ শতাংশীয় পয়েন্ট।
বিবিএসের হিসাবে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।
অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট এবং এক বছরের ব্যবধানে কমেছে ০ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে আগস্টে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
ফলে এক মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ০ দশমিক ০৪ শতাংশীয় পয়েন্ট এবং এক বছরের ব্যবধানে ০ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
গ্রামীণ এলাকায় আগস্টে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের আগস্টে গ্রামীণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।
গ্রামে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০১ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৯ শতাংশ হয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ এবং গত বছরের আগস্টে ৯ দশমিক ২৮ শতাংশ।
শহরাঞ্চলে আগস্টে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ এবং গত বছরের আগস্টেও ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।
শহরে খাদ্য মূল্যস্ফীতি আগস্টে ৭ দশমিক ০৪ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে মজুরি বাড়ছে না। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট বৃদ্ধির হার কমে ৮ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ।
অর্থাৎ এক মাসের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ১৭ শতাংশীয় পয়েন্ট।
বিবিএসের হিসাবে, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার হয়েছে ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। জুলাইয়ে এ হার যথাক্রমে ৮ দশমিক ২৪, ৮ দশমিক ১৫ ও ৮ দশমিক ৩৯ শতাংশ ছিল।
ফলে আগস্টে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশের বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার ০ দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম।
দীর্ঘমেয়াদি হিসাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। বিবিএসের হিসাবে, সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ।
এর আগের একই সময়ে, অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত চলন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। এক বছরের ব্যবধানে এই হার কমেছে ০ দশমিক ৯২ শতাংশীয় পয়েন্ট।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে আগস্টের ভোক্তা মূল্য সূচক প্রস্তুত করা হয়েছে। একইভাবে ৬৪ জেলা থেকে প্রায় ৬৩ ধরনের মজুরি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মজুরি হার সূচক তৈরি করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪