
মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের আবাসনের ঠিকানা এখন থেকে বাধ্যতামূলকভাবে ফোমেমা সিস্টেমে নিবন্ধন করতে হবে। ৭ সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। কর্মীরা কোথায় বসবাস করছেন, সেই তথ্য সঠিকভাবে হালনাগাদ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে নিয়োগকর্তাদের ওপর।
ফোমেমার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক বিদেশি কর্মীর যাচাই করা আবাসনের ঠিকানা সিস্টেমে নিবন্ধন করতে হবে। ঠিকানা নিশ্চিত বা হালনাগাদ না করা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন সম্পন্ন করা যাবে না।
নিয়োগকর্তা ও অনুমোদিত প্যানেল এজেন্সিকে কর্মীর বর্তমান আবাসনের ঠিকানা যাচাই করতে হবে। কোনো কর্মী আগের ঠিকানা ছেড়ে অন্য কোথাও চলে গেলে নতুন ঠিকানা দ্রুত হালনাগাদ করতে হবে। পুরোনো বা ভুল ঠিকানা দেওয়া হলে স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
এর আগে কাগজপত্রে ঠিকানা উল্লেখ করেই অনেক ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন করা যেত। নতুন নিয়মে কর্মী বাস্তবে কোথায় বসবাস করছেন, সেই তথ্য নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশি কর্মীদের হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনে তাদের দ্রুত শনাক্ত করার সক্ষমতা বাড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফোমেমা।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ও কর্মস্থল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জটিলতা রয়েছে। অনেক কর্মী নিয়োগকর্তার নির্ধারিত আবাসনের বাইরে থাকেন। কেউ কর্মস্থল পরিবর্তন করেন, আবার কেউ সাবকন্ট্রাক্টরের অধীনে কাজ করেন। বৈধ ওয়ার্ক পারমিট থাকার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার ঘটনাও পাওয়া গেছে। এসব কারণে কর্মীর প্রকৃত অবস্থান ও কর্মস্থল সম্পর্কে কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে।
নতুন নিয়মে বিদেশি কর্মীর আবাসনের সঠিক তথ্য নিশ্চিত করার দায় সরাসরি নিয়োগকর্তার ওপর দেওয়া হয়েছে। ঠিকানা যাচাই বা হালনাগাদ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীর নিবন্ধন সম্পন্ন করা যাবে না।
বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য এই নিয়ম গুরুত্বপূর্ণ। দেশটির বিভিন্ন খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করছেন। তাই আবাসন পরিবর্তন হলে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট এজেন্সিকে দ্রুত নতুন ঠিকানা সিস্টেমে হালনাগাদ করতে হবে। তা না হলে স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
ফোমেমা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ করা প্রতিষ্ঠান, যা বিদেশি কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করে। মালয়েশিয়ায় প্রবেশের পর বিদেশি কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে ফোমেমায় নিবন্ধন করতে হয়। এরপর অনুমোদিত প্যানেল ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। নতুন নিয়মে এই নিবন্ধন প্রক্রিয়ায় আবাসনের ঠিকানা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪