
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৯৪ জন আহত হয়েছেন।
পেশোয়ারের কোচা রিসালদার এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খাইবার পাখতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ আনসারি বলেন, নিরাপত্তার জন্য দুই পুলিশ কর্মকর্তাকে মসজিদে মোতায়েন করা হয়েছিল। সেখানে দুজন বন্দুকধারী উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একজন পুলিশ নিহত হন ও অপরজনের অবস্থা গুরুতর। হামলাকারীদের ঠেকাতে যাওয়া এক ব্যক্তির ওপর হামলা করে।
তিনি বলেন, হামলাকারীরা পাঁচ অথবা ছয় কেজির বিস্ফোরক উপাদানের মাধ্যমে এ হামলা চালিয়েছে। এ স্থানে হামলার বিষয়ে আগে কোনো তথ্য পাওয়া যায়নি।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) মোহাম্মদ ইজাজ খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলায় মসজিদের বাইরে একজন পুলিশ নিহত হন।