
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহামদ, কার্যকরী সভাপতি এম. এ. বাতেন এবং মহাসচিব মোঃ সাইফুল আলম এক যুক্ত সংবাদ-বিজ্ঞপ্তিতে ঢাকায় ঘোষিত কথিত লকডাউন উপেক্ষা করে সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখায় পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দেশের সড়ক পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন থাকায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতেও দেশ ও জনবিরোধী যেকোনো অপতৎপরতা মালিক-শ্রমিক এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলেও তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও জানান, বিক্ষিপ্ত নাশকতামূলক হামলায় কিছু গাড়িতে আগুন ধরিয়ে শ্রমিকদের পুড়িয়ে মারার চেষ্টা একটি ঘৃণ্য অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করেন।
সংবাদ-বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ.এস.এম. আহম্মদ হোসেন।