রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭

নিউজটি শেয়ার করুন

ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত ইতালির প্রতিষ্ঠান পিনিনফারিনা। এবার সেই প্রতিষ্ঠানের ডিজাইনের ছোঁয়া নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘নোট ৬০ আলট্রা’ এনেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

নোট ৬০ আলট্রার অন্যতম আকর্ষণ এর ডিজাইন। স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত ইউনি-চ্যাসিস ডিজাইনে একটি গ্লাস প্যানেলের নিচে রাখা হয়েছে তিনটি ক্যামেরা, অ্যাকটিভ-ম্যাট্রিক্স ডিসপ্লে ও লাইট। পিনিনফারিনার লোগোর নিচে রয়েছে সুপারকারের টেইললাইটের আদলে বিশেষ আলো, যা ফোন চালু করলে বা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম ও রেসিং থিমের ইউজার ইন্টারফেসের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে মনজা রেড, তোরিনো ব্ল্যাক, আমালফি ব্লু ও রোমা সিলভার রঙে।

দ্রুতগতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। গেমিং ও একসঙ্গে একাধিক অ্যাপ চালানোর জন্য তৈরি এই ফোন আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজারের বেশি স্কোর করেছে বলে জানিয়েছে ইনফিনিক্স। দীর্ঘ সময় ব্যবহারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে থ্রিডি আইসকোর কুলিং সিস্টেম। সঙ্গে ১.৫কে ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস ও জেবিএল টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।

ফটোগ্রাফির জন্য নোট ৬০ আলট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচপিই প্রধান ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এতে ৩.৫ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুম করা যাবে। পাশাপাশি আলট্রা এইচডিআর প্রযুক্তিতে ছবি তোলা, প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ ও সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ফোনটির ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারিতে রয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, মাত্র ১৮ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে রয়েছে সেলফ-হিলিং প্রযুক্তি। এ ছাড়া গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।

পাশাপাশি বাজারে আসা নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে রয়েছে কেভলার প্যাটার্নের ফিনিশিং, রেসিং থিমের সফটওয়্যার, পিনিনফারিনার বিশেষ ওয়াটারমার্ক ও কাস্টমাইজড অ্যাকসেসরিজসহ গিফট বক্স। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ৫জি চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ ডিসপ্লে ও জেবিএল স্টেরিও স্পিকার। চার্জিংয়ের জন্য রয়েছে ৯০ ওয়াটের ফাস্ট ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা।

বাংলাদেশে নোট ৬০ আলট্রার দাম ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে নোট ৬০ প্রো ও পিনিনফারিনার ডিজাইনে তৈরি ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে ৪০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।

এ ছাড়া ৭০০০ টাকা ক্যাশব্যাকসহ নোট ৬০ পাওয়া যাচ্ছে ৩৭,৯৯৯ টাকায়। এর মাধ্যমে নোট ৬০ সিরিজের নির্বাচিত মডেলগুলোতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে ইনফিনিক্স।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: