
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফরে যেতে পারেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে তাঁর এ সফরের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় গাড়ি ব্যবস্থাপনা, বিশ্রামস্থল, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ এবং নিরাপত্তা পাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল ও কানিজ ফাতেমা লিজা, এনএসআইয়ের খুলনা পরিচালক আহমেদ কবীর এবং পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান ও আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।