বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

মনঃক্ষুণ্ন হলেও রায় মেনে নিলেন ইমরান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৭৩

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখী হওয়ার আগের রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন। তবে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা করে যদি কোনো গোষ্ঠী যদি পাকিস্তানের ক্ষমতায় আসীন হতে চায়, সেক্ষেত্রে তা মেনে নেবেন না তিনি। গতকাল শুক্রবারের ভাষণের শুরুতে ইমরান খান বলেন, ‘(সুপ্রিম কোর্টের রায়ে) আমি মনঃক্ষুণ্ন হয়েছি; কিন্তু এই রায় আমি মেনে নিয়েছি।’

ভাষণে বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে ইমরান বলেন, কিছুদিন আগ পর্যন্তও যারা পরস্পরকে ‘চোর’ বলতেন, তারা কীভাবে হঠাৎ ঐক্যবদ্ধ হলেন তা পাকিস্তানের জনগণ জানে। যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ও তার ভাগ-বাটোয়ারাই বিরোধীদের ঐক্যের মূল উৎস বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৮ মার্চ পার্লামেন্টে এই অনাস্থা প্রস্তাব তুলেছিলেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা শাহবাজ শরিফ। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামই ঘুরেফিরে আসছে।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ বর্তমানে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাকেই প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট।

এদিকে, অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে ওঠার আগে থেকেই ইমরান খান তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হওয়ার কথা বলে আসছিলেন। হুমকি দেওয়া একটি চিঠিও তিনি সাংবাদিকদের দেখাবেন বলে জানিয়েছিলেন। অবশ্য পরে তিনি বলেন, ওই চিঠিটিতে পাকিস্তানের ‘গোপন কোড’ থাকায় সেটি প্রকাশ্যে আনা যাবে না।

ইমরানের ওই অভিযোগের মধ্যেই তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ওঠে। সেই প্রস্তাব পরে নাকচ করে দেন ডেপুটি স্পিকার; সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তা ‘অসাংবিধানিক’ ঘোষণা করে বাতিল করে দিয়েছে।

‘বিদেশি চক্রান্ত’ থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে জাতি উদ্দেশে তিনি বলেন, ‘আমার দেশকে বলছি, আপনারা এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে, কেউ অপনাদের রক্ষা করতে আসবে না।’

সূত্র: ডন

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: