মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৩

নিউজটি শেয়ার করুন

অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৫ শতাংশে ঠেকেছিল। সর্বশেষ অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ৮ শতাংশে ঠেকলেও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকে (সিপিআই) এসব তথ্য উঠে এসেছে।

অক্টোবরের সিপিআই তথ্যে দেখা যায়, সর্বশেষ এ মাসে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৮ দশমিক ১৭ শতাংশ। এটি সেপ্টেম্বরে ছিল শতকরা ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের একই সময়ে অর্থাৎ অক্টোবর ২০২৪ এ ছিল শতকরা ১০ দশমিক ৮৭ শতাংশ।
গত মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৭ দশমিক শূন্য ৮ শতাংশ, যা সেপ্টেম্বর ২০২৫ এ ছিল যথাক্রমে শতকরা ৭ দশমিক ৬৪। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মাসে ৯ দশমিক ১৩ শতাংশ ছিল, অথচ সেপ্টেম্বরেও তা ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ, আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মূল্যস্ফীতি ৮ দশমিক ১৭ শতাংশের অর্থ হলো, গত বছরের অক্টোবরে যে মূল্যস্ফীতি ১০০ টাকায় কিনতে হয়েছিল, এ বছরের অক্টোবরে তা কিনতে হয়েছে ১০৮ টাকা ১৭ পয়সায়। মূল্যস্ফীতি একধরনের করের মতো। আপনার প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়। কিন্তু হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে এবং সে অনুযায়ী আপনার আয় না বাড়লে আপনাকে ধারদেনা করে সংসার চালাতে হবে কিংবা খাবার, কাপড়চোপড়, যাতায়াতসহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হবে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। প্রকৃত আয় কমে যায়।

বিবিএস বলছে, গত এক বছরের (নভেম্বর ২০২৪- অক্টোবর ২০২৫ পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতি নিরূপিত হয়েছে শতকরা ৯ দশমিক ২২ শতাংশ। পূর্ববর্তী একই সময়ে (নভেম্বর ২০২৩- অক্টোবর ২০২৪ পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতি ছিল শতকরা ১০ দশমিক শূণ্য ৫ ভাগ।

উল্লেখ্য, সারা দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার হতে নির্ধারিত সময়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে অক্টোবর ২০২৫ মাসের সিপিআই প্রস্তুত করা হয়েছে।
অক্টোবরে গড় মজুরী সূচক কমে ৮ দশমিক শূন্য ১ শতাংশে দাঁড়িয়েছে। এটি গত সেপ্টেম্বরেও ছিল ৮ দশমিক শূন্য ২ শতাংশ।

বিবিএসের আওতায় ন্যাশনাল একাউন্টিং উইং কর্তৃক প্রতিমাসে মাঠ পর্যায় হতে সমগ্র দেশের ৬৪ টি জেলা থেকে নির্ধারিত দরছকের মাধ্যমে প্রায় ৬৩ ধরণের মজুরি সংক্রান্ত উপাত্ত সংগহের পর তা প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও যথাযথ যাচাই করে মজুরি হার সূচক এবং এর শতকরা হার প্রণয়ন করা হয়। সে অনুসারে অক্টোবরে সমগ্র দেশের ৬৪ টি জেলা হতে মজুরি সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করে ভিত্তি সূচক ২০২১-২২=১০০ অনুসারে মজুরি হার সূচক প্রস্তুত করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: