বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দুই দিনের এলপিজি ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক থাকছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০

নিউজটি শেয়ার করুন

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ২৯ অক্টোবর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবরের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিনে বিইআরসির চেয়ারম্যানের সাথে তাঁদের কয়েক দফা বৈঠক হয়েছে।

সেলিম খানের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সর্বশেষ বৈঠকে বিইআরসির চেয়ারম্যান আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে ব্যবসায়ীদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সাথে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: