বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ভারত থেকে আসছে ১৮ কোচ, চালু হতে পারে নতুন দুই ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮টি কোচ পাঠিয়েছে ভারত। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সাথে ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ রেলওয়ের ২০০টি লিংকে-হফম্যান-বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৯ অক্টোবরের মধ্যে কোচ সরবরাহ, পরীক্ষণ ও চালুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি শীতাতপনিয়ন্ত্রণবিহীন শোভন চেয়ার কার, তিনটি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কার, দুটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডের কক্ষ ও মালপত্র রাখার জায়গা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত-বাংলাদেশের গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে। এরপর বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তরের পর সৈয়দপুর ওয়ার্কশপে কোচগুলোর প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম চালানো হতে পারে।

কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি এসব কোচ বাংলাদেশের রেলওয়ের পরিচালনব্যবস্থা ও যাত্রীদের চাহিদা বিবেচনায় বিশেষভাবে নকশা করা হয়েছে। এতে রয়েছে একাধিক অবস্থানে হেলানো যায় এমন আসন, স্টেইনলেস স্টিলের হাতল এবং পা রাখার ব্যবস্থা। কোচগুলোর কাঠামোতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। এগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তায় কোচগুলোতে দুর্ঘটনার অভিঘাত মোকাবেলার বিশেষ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি নজরদারির সুবিধা রয়েছে। এ ছাড়া যুক্ত করা হয়েছে পরিবেশবান্ধব বায়ো-টয়লেট ও চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থা।

রাইটসের সাথে বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশকে ৩০টি এবং ২০১৫ সালের ২১ ডিসেম্বর আরও ১০টি ব্রডগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সরবরাহ করে। পরে ২০১৮ সালের ১ জুন সরবরাহ করা হয় ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ। এসব লোকোমোটিভ ও কোচ ভারত সরকারের ঋণসহায়তার আওতায় সরবরাহ করা হয়েছিল।

সম্প্রতি সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, একটি প্রকল্পের আওতায় ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। কোচগুলো দেশে আসার পর নতুন ট্রেনের রুট নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কোচ সরবরাহের ভিত্তিতে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা ব্রডগেজ রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বাড়ানো এবং যাত্রীদের যাতায়াত সহজ করার সুযোগ তৈরি হতে পারে।

সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে যমুনা সেতু-পাবনা, ঢাকা-পদ্মা সেতু এবং খুলনা-মোংলা রেলপথসহ বেশ কয়েকটি রেলপথ চালু হয়েছে। তবে ব্রডগেজ যাত্রীবাহী কোচের সংকটে এসব পথে পর্যাপ্ত ট্রেন চালু করা যায়নি। ভারত থেকে ২০০টি কোচ এলে নতুন রেলসেবা চালুর ক্ষেত্রে সেই সংকট কিছুটা কমতে পারে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: