বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

খুলনায় ৯৮টি নতুন পানির এটিএম বসাচ্ছে ড্রিংকওয়েল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৯

নিউজটি শেয়ার করুন

নোনা পানির সংকট মোকাবিলা করে নগরবাসীর জন্য স্বল্পমূল্যে নিরাপদ সুপেয় পানির সহজলভ্য করতে খুলনায় ৯৮টি নতুন পানি এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। খুলনা ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে তিন বছরের সমঝোতা স্মারকের আওতায় এসব বুথ স্থাপন করা হবে। বর্তমানে চালু থাকা দুটি বুথসহ নগরীতে মোট ১০০টি পানি এটিএমের মাধ্যমে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে।

গত সোমবার দুপুরে খুলনা ওয়াসা ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন বুথ চালু হলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ খাবার পানি সংগ্রহ সহজ হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ্, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, ড্রিংকওয়েলের পরিচালক ইমতিয়াজ মহসিন, সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আব্দুস সাত্তার এবং মানবসম্পদ বিভাগের প্রধান ফারহানা রহমানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ্ বলেন, নোনা পানিপ্রবণ খুলনা অঞ্চলে নিরাপদ পানির চাহিদা পূরণে পানি এটিএমের সংখ্যা বাড়ানোর উদ্যোগকে ওয়াসা স্বাগত জানায়। এ কার্যক্রম বাস্তবায়নে সংস্থাটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

ড্রিংকওয়েলের পরিচালক ইমতিয়াজ মহসিন বলেন, নতুন চুক্তির ফলে খুলনাবাসীর স্বল্পমূল্যে সুপেয় পানি পাওয়ার সুযোগ বাড়বে। ২০২৪ সাল থেকে খুলনা ওয়াসার সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন এলাকায় দুটি পানি এটিএম বুথ পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ড্রিংকওয়েলের সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আব্দুস সাত্তার জানান, ২০১৫ সালে যাত্রা শুরু করে ড্রিংকওয়েল। বর্তমানে ঢাকায় ৩৫০টি পানি এটিএমের মাধ্যমে ২০ লাখের বেশি মানুষকে স্বল্পমূল্যে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ ও ফরিদপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

চুক্তি অনুযায়ী, নতুন বুথ স্থাপনের আগে খুলনা ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান ও প্রয়োজনীয় শোধনব্যবস্থা মূল্যায়ন করবে ড্রিংকওয়েল। প্রয়োজন হলে অতিরিক্ত পানি শোধনের ব্যবস্থাও নেওয়া হবে।

পানি সরবরাহে ব্যবহার করা হবে আরএফআইডি কার্ডভিত্তিক প্রযুক্তি। প্রাথমিক পর্যায়ে বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা দেবে খুলনা ওয়াসা ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। অন্যদিকে যন্ত্রপাতি সরবরাহ, মূলধনি বিনিয়োগ, নকশা প্রণয়ন, বুথ স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ড্রিংকওয়েল।

নতুন ৯৮টি বুথ স্থাপন করা হলে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় নিরাপদ সুপেয় পানির সরবরাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: