
একদিকে তেলের দাম বৃদ্ধি হওয়াতে জনগণের মনের কষ্ট কাউকে বলার যখন জো নেই। তখন পরিবহণ শ্রমিকদের ডাকা ধর্মঘটে কষ্টের জেনো শেষ নেই। পরীক্ষার্থী থেকে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি চরমে। রাস্তায় গাড়ি নেই। যা আছে নিচ্ছে দিগুণ ভাড়া। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়।
শিক্ষার্থীদের হঠাৎ এ কর্মসূচিতে রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরাও যোগ দেন। পরে একে একে তাদের সঙ্গে একাত্মতা জানান সাধারণ সড়ক ব্যবহারকারীরাও। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যানবাহন সঙ্কটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকালে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে নিজেরাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও ফুলবাড়িয়া স্ট্যান্ডে অবরোধ গড়ে তোলেন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।