
ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ জন্য প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে নিজেদের ঘর, ঘরের আশপাশ এবং চলাচলের পথে যেখানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেকে মারাও যাচ্ছেন। যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের কষ্ট উপলব্ধি করা যায়। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে অনেক মানুষকে এই বেদনা থেকে রক্ষা করা সম্ভব।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রেখেছে। দেশের অন্যান্য সমস্যার সমাধানেও সবাই সামর্থ্য অনুযায়ী অংশ নিলে সফলতা পাওয়া সম্ভব।
প্রধানমন্ত্রী জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের মতো সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য রয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব সংগঠনের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিচ্ছেন।
তিনি বলেন, ঘরের আনাচ-কানাচ, রাস্তাঘাট ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই পানি জমতে পারে এমন স্থান ও আবর্জনা নিয়মিত পরিষ্কার করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার তখনই সফল হয়, যখন দেশের মানুষকে সাথে নিয়ে কাজ করে। তাঁর সরকারও জনগণকে সাথে নিয়ে দেশের সমস্যার সমাধান করতে চায়। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ডেঙ্গুতে বহু মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।