
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নীতকরণের কাজের জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ও আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলার অনুযায়ী, ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সোনালী ব্যাংককে সেবা বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়েছে। এ সময় অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ, ডিজিটাল ব্যাংকিং ও কার্ড সেবাসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়নের কাজ সম্পন্ন করার কথা রয়েছে। তবে আপগ্রেডেশনের কাজে কোনো কারিগরি জটিলতা না হলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক শাখা লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, বিশেষ প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশনা রয়েছে।
এদিকে, কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নীতকরণের জন্য এক্সিম/স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংককেও ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংকটির সেবা ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকার কথা রয়েছে।