রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

মারাকানায় হবে ২০২৭ নারী বিশ্বকাপের ফাইনাল

খেলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১৮

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। ২০২৭ সালের নারী বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। আগামী বছরের ২৪ জুন শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।

৩২ দলের এই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল- দুটি ম্যাচই হবে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ফিফা ইতোমধ্যে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে।

স্বাগতিক ব্রাজিল ২৪ জুন উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। আর ২৫ জুলাই একই ভেন্যুতে হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।

ব্রাজিলের জন্য মারাকানা বিশেষ আবেগের নাম। ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের হৃদয়বিদারক পরাজয়ের স্মৃতি জড়িয়ে আছে এই স্টেডিয়ামের সঙ্গে।

২০২৭ নারী বিশ্বকাপ হবে ব্রাজিলের আটটি শহরে। শহরগুলো হলো—ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে, সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলো। প্রতিটি শহরে গ্রুপ পর্বের অন্তত সাতটি ম্যাচ এবং কমপক্ষে একটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদরে হবে শেষ ষোলোর ম্যাচ। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলোতে। সেমিফাইনালের ভেন্যু হিসেবে থাকছে সাও পাওলো ও রিও ডি জেনিরো।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে প্রকাশ করবে ফিফা।

নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে চারবার শিরোপা জিতে আসরের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। স্বাগতিক ব্রাজিল এখনো নারী বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। তবে পুরুষ ফুটবলে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ শিরোপার মালিক ব্রাজিল।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: