
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হালনাগাদ তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।
পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ ও ‘অপারেশন এপিক ফিউরি’—এই দুই ক্যাটাগরির তথ্য একত্র করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫৭ জন।
ডিসিএএসের হালনাগাদ তথ্যে নতুন করে ৫০ জনের বেশি সেনা আহত হওয়ার তথ্য যুক্ত করা হয়েছে।
গত মাসে পেন্টাগন ডিসিএএসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে একটি নতুন ক্যাটাগরি যুক্ত করে। এই ক্যাটাগরিতে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
তবে পেন্টাগন এখনো এসব হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কোন সংঘাতে বা কী পরিস্থিতিতে এসব সেনা হতাহত হয়েছেন, তাও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
এর আগে ইরানের ধারাবাহিক হামলার পরও ডিসিএএসে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা কমে যাওয়ায় পেন্টাগন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। গণমাধ্যম ও আইনপ্রণেতাদের চাপের পর বুধবার ডেটাবেসে নতুন করে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়।