রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ওয়াটার এটিএম সেবা সম্প্রসারণে রাসিক-ড্রিংকওয়েল মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৬৪

নিউজটি শেয়ার করুন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ আরও সহজলভ্য করতে ওয়াটার এটিএম সেবার পরিধি বাড়ানোর বিষয়ে ড্রিংকওয়েল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

গত মঙ্গলবার রাসিক প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নগরীতে চালু থাকা ওয়াটার এটিএম বুথগুলোর বর্তমান কার্যক্রম, সেবার মান এবং ভবিষ্যতে আরও ৭ থেকে ৮টি বুথ স্থাপনের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিনহাজ চৌধুরী, পরিচালক ইমতিয়াজ মহসিন, হেড অব ইঞ্জিনিয়ার (সার্ভিস ম্যানেজার) মো. আব্দুস ছাত্তার, রাজশাহী সিটি করপোরেশনের সচিব মো. সোহেল রানা (সিনিয়র সহকারী সচিব) এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এছাড়াও ড্রিংকওয়েল ঢাকার কর্মকর্তা আমিনুল ইসলাম এবং রাজশাহীর কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বর্তমানে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ড্রিংকওয়েলের চারটি ওয়াটার এটিএম বুথ চালু রয়েছে। এসব বুথ থেকে ৭ হাজার ৫৭০ জন গ্রাহক বিশুদ্ধ পানি সংগ্রহের সুযোগ পাচ্ছেন। বুথগুলো কমরুজ্জামান পার্ক, লক্ষ্মীপুর, মতিচত্বর ও শাহ মখদুম দরগা গেট এলাকায় সেবা দিচ্ছে।

বৈঠকের আগে ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিনহাজ চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ড্রিংকওয়েলের চারটি ওয়াটার এটিএম বুথ পরিদর্শন করেন। এ সময় বুথগুলো থেকে পানি সংগ্রহকারী গ্রাহকদের সঙ্গে কথা বলেন তারা। গ্রাহকরা ওয়াটার এটিএমের সেবায় সন্তুষ্টির কথা জানান। একই সঙ্গে নগরীর আরও বিভিন্ন এলাকায় এ সেবা চালুর জন্য অনুরোধ করেন তারা।

পরিদর্শনকালে গ্রাহকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক অভিজ্ঞতা ও সেবা সম্প্রসারণের অনুরোধও মতবিনিময় সভায় গুরুত্ব পায়। নগরবাসীর চাহিদা বিবেচনায় নিয়ে সিটি করপোরেশন এলাকায় আরও ৭ থেকে ৮টি ওয়াটার এটিএম বুথ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সহজলভ্য করা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ নাগরিক সেবার অংশ। ওয়াটার এটিএমের মাধ্যমে সহজে বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এ উদ্যোগ নগরবাসীর জন্য অত্যন্ত উপকারী।

তিনি বলেন, বর্তমানে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চালু থাকা চারটি ওয়াটার এটিএম থেকে হাজারো মানুষ পানি সংগ্রহ করছেন। নগরবাসীর চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে আরও এলাকায় ওয়াটার এটিএম সেবা সম্প্রসারণ করা গেলে নিরাপদ পানি পাওয়ার সুযোগ বাড়বে। এ ক্ষেত্রে জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ড্রিংকওয়েলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এ সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ রাজশাহী সিটি করপোরেশনের নাগরিক সেবাকে আরও আধুনিক, সহজ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাসিক প্রশাসক ড্রিংকওয়েল কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ওয়াটার এটিএমের পানির মান, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও গ্রাহকসেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় ড্রিংকওয়েল কর্তৃপক্ষ রাজশাহী সিটি করপোরেশন এলাকায় তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নগরবাসীর প্রয়োজন ও চাহিদা বিবেচনায় নিয়ে নতুন বুথ স্থাপনের সম্ভাব্য স্থান নির্বাচনসহ সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: