
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শাখাটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
আসনটি শূন্য হওয়ার পর সেখানে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।