
মেক্সিকোতে একটি ধর্মীয় উৎসব চলাকালে আতশবাজি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন।
শনিবার রাতে মধ্য মেক্সিকোর তেমাসকালসিংগোতে নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ গির্জার পাশে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় ধর্মীয় উৎসবের অংশ হিসেবে আতশবাজির প্রদর্শনী দেখতে সেখানে শত শত মানুষ জড়ো হচ্ছিলেন।
বিস্ফোরণের তীব্রতায় একটি দেয়াল ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তেমাসকালসিংগো পৌরসভাটির অবস্থান।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
স্থানীয় একজনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজন যাজকও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য দেখা গেছে। সেখানে ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে কয়েক ডজন মানুষকে জীবিতদের সন্ধান করতে দেখা যায়।
মেক্সিকোতে বিভিন্ন উৎসব ও ধর্মীয় আয়োজনে আতশবাজির ব্যবহার বেশ প্রচলিত। তবে দেশটিতে আতশবাজি ঘিরে বিস্ফোরণের ঘটনাও প্রায়ই ঘটে।
এর আগে প্রায় চার বছর আগে মধ্যাঞ্চলীয় হিডালগো রাজ্যের হুয়েহুতলা পৌরসভার একটি গ্রামে আতশবাজির শক্তিশালী বিস্ফোরণে ১৭ জন আহত হয়েছিলেন।