
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
তবে পরবর্তী দিনগুলোতে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।
রাজধানীর নয়াপল্টন শাখায় (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) টাকা তুলতে আসেন শারমিন জাহান। তিনি গত ৩ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করেছিলেন। সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁর ২০ হাজার টাকা প্রয়োজন ছিল। বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানালে তাঁকে টাকা তোলার অনুমতি দেওয়া হয়।
শারমিন জাহান বলেন, নিয়ম অনুযায়ী আরও দুই দিন পর টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সন্তানের অসুস্থতার কারণে জরুরি প্রয়োজনের কথা জানালে শাখা ব্যবস্থাপক তাঁকে ২০ হাজার টাকা তোলার অনুমতি দেন। ব্যাংকে এসেই তিনি প্রয়োজনীয় টাকা পেয়েছেন।
অন্যদিকে, দিদার নামে আরেক গ্রাহক টাকা তুলতে শাখায় এলেও তাঁকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। তিনি জানান, এর আগে কয়েকবার টাকা তুলতে এসে তাঁকে ফিরে যেতে হয়েছে। এবারও এসে জানতে পারেন, ৩ সেপ্টেম্বর আবেদন করায় আরও দুই দিন পর টাকা তুলতে পারবেন।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকেরাই মূলত সোমবার টাকা পাচ্ছেন। তাঁর আবেদন ৩ সেপ্টেম্বরের হওয়ায় আরও দুই দিন অপেক্ষা করতে হবে। তবে অন্য গ্রাহকদের টাকা তুলতে দেখে তিনি আশ্বস্ত হয়েছেন এবং নির্ধারিত সময়েই টাকা পাবেন বলে আশা করছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আগে তাঁদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর দিয়ে সিস্টেমে যাচাই করা হচ্ছে তাঁর কোনো খেলাপি ঋণ রয়েছে কি না। কোনো গ্রাহক খেলাপি হলে বা তাঁর ঋণের তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর নিয়ম অনুযায়ী তাঁর টাকা তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অপর এক কর্মকর্তা বলেন, কোনো গ্রাহকের খেলাপি ঋণ না থাকলে তিনি নিয়ম অনুযায়ী টাকা তুলতে পারবেন। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।
গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ব্যাংকে আমানত রাখার আহ্বান জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ব্যাংকটির দায়িত্ব এখন সরকার নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক পুরো কার্যক্রম তদারকি করছে। ফলে আমানতকারীদের অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না।