বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশে অবৈধ সিগারেটের পরিমাণ খুবই সীমিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩১

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের খুচরা দোকানগুলোতে যে পরিমাণে সিগারেট বিক্রি হয় তার প্রায় ৫.২% সিগারেট কোন না কোনভাবে তামাক নিয়ন্ত্রণের জন্য সিগারেট প্যাক সম্পর্কিত আইন বিবেচনায় না নিয়ে বিক্রি করা হয়। এছাড়াও গবেষণায় পাওয়া যায় যে বাজারে বিক্রীত প্রায় ৪.৮% সিগারেট প্যাকেটের গায়ে থাকা ট্যাক্স স্ট্যাম্প আইন লঙ্ঘন করে।

২৬ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশে অবৈধ সিগারেটের বিক্রি এবং উৎপাদনের মাত্রা বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন কালে এই তথ্য তুলেধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আর্ক ফাউন্ডেশনের গবেষক এস এম আব্দুল্লাহ। বাংলাদেশের ৮টি জেলার মোট ৮০টি জায়গা থেকে প্রায় ২৪ হাজার সিগারেট প্যাকেট সংগ্রহ করে এই গবেষণা পরিচালনা করা হয়।

একই অনুষ্ঠানে তামাক কোম্পানীর হস্তক্ষেপ বিষয়ে আরো একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. রুমানা হক।

প্রবন্ধ উপস্থাপন কালে এস এম আব্দুল্লাহ বলেন, তামাক কোম্পানীগুলো দাবী করে তামাকের উপর কর বাড়ালে দেশে অবৈধ বাণিজ্য বেড়ে যাবে। কিন্তু সেটা যে সঠিক নয় তা এখন প্রমাণিত। কারণ প্রতি বছর সিগারেটের দাম বাড়লেও গবেষণায় দেখা যায় বাংলাদেশে অবৈধ সিগারেটের পরিমাণ খুবই সীমিত। সরকার যদি এই ক্ষেত্রে নজরদারি আরো বৃদ্ধি করে এবং তামাক নিয়ন্ত্রণে আরো গতিশীলতা আনতে পারে তবে এই অবৈধ বাণিজ্যের হার আরো কমে আসবে।

অধ্যাপক রুমানা হক তামাক কোম্পানীর অবৈধ হস্তক্ষেপ বিষয়ে তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যতীত অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্টিকেল ৫.৩ এর ব্যাপারে জ্ঞান একেবারেই সীমিত। তিনি আরো বলেন, গবেষণায় অংশগ্রহণ করা অধিকাংশ মানুষ মনে করেন যে তামাক কোম্পানিতে সরকারের শেয়ার থাকা তামাক নিয়ন্ত্রণে বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ করতে হলে আর্টিকেল ৫.৩ এর অতি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন এবং একই সাথে বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

আর্ক ফাউন্ডেশন আয়োজিত “নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে তামাকজনিত ক্ষতি কমানোর লক্ষ্যে গবেষণা পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক অংশীজন মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ দুটি উপস্থাপন করা হয়। যুক্তরাজ্যের গ্লোবাল চ্যালেঞ্জস রিসার্চ ফান্ডের টোব্যাকো কন্ট্রোল ক্যাপাসিটি প্রোগ্রামের তত্ত্বাবধানে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডঃ নাসির উদ্দিন আহমেদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. নুরুল আমিন ও সেন্টার ফর ল এন্ড পলিসি আফেয়ার্সের সেক্রেটারি এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “তামাকের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের তুলনায় তামাক কোম্পানিগুলোর রিসোর্স অনেক বেশি। তবুও দেশের স্বার্থে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের স্বার্থে এই অসম যুদ্ধ আমাদের লড়ে যেতে হবে। আমি সংসদেও বলেছি যে তামাক যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে ৪০ বছরের মধ্যে আমাদের দেশ একটি ১৮ কোটি লোকের হসপিটালে পরিণত হবে।“

তিনি জানান, প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ঘোষণায় দেশে একটি রাজনৈতিক স্বদিচ্ছার জায়গা তৈরী হয়েছে। যার ফলে কিছুদিন আগে ১৯১ জন জাতীয় সংসদ সদস্য তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার পক্ষে চিঠি লিখেছেন।

তিনি আরো বলেন, শুধু সরকারের একান্ত প্রচেষ্টায় তামাক নিয়ন্ত্রণ এবং তামাকজনিত ক্ষতি প্রতিকার করা সম্ভব নয়। গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, এবং উন্নয়ন কর্মী সহ সকলের এই প্রচেষ্টায় এগিয় আসতে হবে। তামাক নিয়ন্ত্রণের সপক্ষে যারা কথা বলেন তাদের সরকারকে পথ দেখাতে হবে এবং সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। তাছাড়া এই প্রচেষ্টায় অগ্রগতির সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি আশা করেন সরকারও নীতি প্রণয়নের ক্ষেত্রে সবাইকে অন্তর্ভুক্ত করেই তামাক নিয়ন্ত্রণে কাজ করবে।

ডঃ নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারের তামাক কোম্পানিতে শেয়ার থাকা অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, এই মুহুর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত দেশ গড়ে তুলতে কাজ করে যেতে হবে। আমরা আশার আলো তখনই দেখতে পাবো যখন দেখবো সরকার নীতি নির্ধারণে এই তামাক নিয়ন্ত্রণের ব্যাপারগুলো আরো গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে আসবে।

ড. মো. নুরুল আমিন বলেন, তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা, উচ্চ মাপের গবেষণা, এবং গবেষণার ফল ভিত্তিক নীতি প্রণয়ন। ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত দেশ গড়তে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এর গাইডলাইন অনুসারে আরো কঠিনভাবে তামাক নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে, বিশেষ করে দেশের যুবসমাজ, যারা পরবর্তী সময়ে ধূমপায়ী হয়ে উঠতে পারে, তাদের নিয়ে আরো বেশি কাজ করতে হবে।

অনুষ্ঠানের বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা, উন্নয়ন কর্মী, ছাত্র-ছাত্রী, এবং গবেষকগণ অংশ নেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: