
রাজনৈতিক উত্তেজনা বলতে এখন আওয়ামী লীগ। কখনো নতুন চমক আসছে তো কখনো দল থেকে বাদ পড়ছেন অনেক নেতা। এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে যুক্ত হলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
একদিনেই ঘটলো যতসব ঘটনা। আজ শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলী। ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন।