
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে আমার পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার পক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জনগণের ঘাঁটি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে। কিন্তু এ শহরকে কলুষিত করা হয়েছিল। সে কারণেই নেত্রী আমাকে নৌকা দিয়েছেন।
তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। মাটি ও মানুষের নেতা ছিলেন। আমি দীর্ঘদিন আপনাদের জন্য কাজ করেছি।
আইভী বলেন, যখন শহরে কেউ ছিল না তখন নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। ২০১১ সালে নির্বাচন করেছি। আপনারা লাখ ভোটের ব্যবধানে জয়ী করেছিলেন। ২০১৬ সালেও আপনারা একই কাজ করেছিলেন। এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকাকে হারানোর ক্ষমতা কারও নেই।
পথসভায় নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ছাড়াও ফতুল্লা, পাগলা, রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।