
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আব্দুল হামিদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় এ চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা।
খোলা চিঠিতে তারা বলেন, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের বিধি মোতাবেক, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য। আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য আপনি সাংবিধানিক বিধি মোতাবেক আপনার প্রতিনিধিস্বরূপ উপাচার্য নিয়োগ করে থাকেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার উদ্দেশ্যে অধ্যয়নে নিবেদিত আছি।
রোববার (১৬ জানুয়ারি) শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে নিরাপদ আবাসন পরিবেশ নিশ্চিত করার জন্য ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশ নিষ্ঠুর হামলা চালায়। এ সময় বাংলাদেশের জনগণের টাকায় ক্রয়কৃত আধুনিক অস্ত্রসজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের স্বীকার হন নিরস্ত্র শিক্ষার্থীরা।