সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

টিপু হত্যা: শুটার মুসা ফের ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬৬

নিউজটি শেয়ার করুন

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী শুটার সুমন সিকদার ওরফে মুসার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ৬ দিনের রিমান্ড শেষে আসামি মুসাকে আদালতে হাজির করা হয়৷ এরপর মামলার তদন্ত ও হত্যার রহস্য উদঘাটনের জন্য ফের ১২ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইয়াসিন শিকদার। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৭ মে ওমান পুলিশ মুসাকে গ্রেপ্তার করে। গত ৯ জুন তাকে ওমান থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। পরদিন গত ১০ জুন আদালত জামিন নামঞ্জুর করে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গ্রেপ্তার পর শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গত ২৭ মার্চ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তার জবানবন্দিতে এই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসাবে শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসার সংশ্লিষ্টতা পায় পুলিশ।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম টিপু। ওই সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: