শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সবাই মিলে কাজ করলে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪
  • ৩২৮

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে জানমালের ক্ষয়ক্ষতি করে যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এতে দেশের জনগণের (রাষ্ট্রীয়) অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। সেগুলোকে রক্ষা করা ও নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিয়োগপ্রাপ্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে বলে আমি মনে করি ।

তবে আমরা সবাই মিলে যদি কাজ করি, আশা করি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। রাজধানীর বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনায় পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। সোমবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শুধু সেনাবাহিনী নয়, আমাদের সঙ্গে বিমানবাহিনী, নৌবাহিনীও ছিল।

পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীসহ আমরা সবাই মিলে একটা সুন্দর স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে সাংবাদিকদের এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, কিছু সময় দিতে হবে। সেনাবাহিনী মাত্র ৪৮ ঘণ্টা হয়েছে এসেছে।

আমরা সবাই মিলে কাজ করলে আশা করি খুবই শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এ জন্য সকলের সহযোগিতা কাম্য।

সেনাপ্রধান বলেন, এই পরিস্থিতিতে মিডিয়া কর্মীরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচার ও প্রকাশ করে আইনশঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছেন। আশা করি এভাবে আরো দায়িত্ব পালন করবেন। তাই আহ্বান করবো, জনগণ মিডিয়া, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনী আমরা সকলে মিলে দেশটাকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে চাই।

সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে নিশ্চিত অতিদ্রুতই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো।

তিনি আরো বলেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী কাজ করছে।

যাত্রবাড়ী এলাকায় নাশকতাকারীরা যে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাপ্লাই চেইনের কী অবস্থা- জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে সাপ্লাই চেইন শুরু হয়েছে। আপনারা জানেন, যে পরিমাণ ধ্বংসাত্মক কার্যক্রম চলেছে, রাস্তায় আমি এখনো দেখলাম বেশ কিছু গাড়ি পোড়া অবস্থায় আছে। এগুলো পরিষ্কার করতে হবে। জনগণ এবং গাড়িচালকদের মধ্যে স্বস্তি নিয়ে আসতে হবে। তবে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে কিছু সময় দিতে হবে। ইতোমধ্যে পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনগণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা দিতে ১৯ জুলাই রাত ১২টার পর থেকে দেশব্যাপী নিজ নিজ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: