বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৪

নিউজটি শেয়ার করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন লেখক ড. আমিনুল ইসলাম । এই নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে সমালোচনার ঝড়। গত ১৭ এপ্রিল এক অফিস আদেশে ড. আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

জানা গেছে, বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ড. আমিনুল। তাঁর এই নিয়োগের পর অনেকেই তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইচ্ছায়ই নিয়োগ পেয়েছেন তিনি।
নিয়োগের সংবাদটি শুনে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নেটিজেনরা বলছেন, ড. আমিনুল ইসলাম প্রায় ৫ মাস আগে নিজের একটি ফেসবুক পেইজের পোস্টে নিজেকে উপদেষ্টা বানানোর জন্য সবার কাছে আকুল আবেদন জানান। তিনি লিখেছিলেন, ‘আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ- প্লিজ লেখাটা নিজেদের প্রোফাইলে, গ্রুপে, পেইজে শেয়ার করে আমাকে উপদেষ্টা হতে সাহায্য করুন।’

নেটিজেনরা বলছেন, আমিনুল ইসলাম প্রায়শই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। এছাড়াও ৭ কলেজের ভিসি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। আকরাম মজুমদার নামে একজন পোস্ট করেছেন, ‘সে এতো বড় দেশ প্রেমিক যে ২০২২ সালেই নিজের নাগরিকত্ব বাতিল করে ইউরোপের নাগরিক হয়েছিলেন। এরা যা কামানোর কামিয়ে দেশ ধ্বংস করে চলে যাবে, ভুক্তভোগী হবে এ দেশ এদেশের মানুষ।‘

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. আমিনুলের ২০২২ সালে বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের আবেদনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আদেশের কপিও ভাইরাল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই আদেশে বলা ছিল, আমিনুল ইসলামকে এস্তোনিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের যে আবেদন করেছেন সেটি মঞ্জুর করা হয়েছে।

নেটিজেনরা বলছেন, এই নিয়োগে বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংশ্লিষ্টতা রয়েছে। তবে এবিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহফুজুল আলম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, এমন কথার কোন ভিত্তি নেই। এই পদে নিয়োগ করার এখতিয়ার রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের। এই নিয়োগের ব্যাপারে উপদেষ্টা মহোদয় (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) অবগত নন বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে, ড. আমিনুলকে নিয়োগ নিয়ে জারি করা আদেশে উত্তর সিটি জানায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসাবে কর্মরত আছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: