রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

শুক্রবার মন্ত্রিপরিষদ সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদল হতে পারে।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে বারোশর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে বিকেলে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: