রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ১১

নিউজটি শেয়ার করুন

শিক্ষাব্যবস্থার সঙ্গে দেশের চাকরির বাজারের সমন্বয় করে পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জব মার্কেটের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থা সাজানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার সঙ্গে জব মার্কেটকে রিলেট করে পুরো ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। জব মার্কেটের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে।’

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে সরকার কাজ করছে। অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মান ও রেটিং প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের রেটিং নির্ধারণের ক্ষেত্রে শুধু গবেষণার বিষয়টি বিবেচনা করলেই হবে না। বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এবং কোন খাতে অর্থ ব্যয় করছে, সেটিও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্থ ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে পারলে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে তা সহায়ক হবে।

এ সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। শিক্ষার মান উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: