
ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ নির্বাচিত হয়েছেন মিসবাহ আরশাদ। এর মাধ্যমে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে তিনি আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
মিসবাহ আরশাদ মনোবিজ্ঞানের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিংও করেন। এর আগে বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়েও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন মিসবাহ।
২০২৩ সালে জাপানে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায়ও অংশ নেন তিনি। পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক বিভিন্ন কনটেন্ট তৈরি করেন।
মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে দুর্দান্ত উত্তর দিয়ে বিচারকদের মন জয় করেন মিসবাহ। পরে মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে তাকে বিজয়ীর স্যাশ পরিয়ে দেওয়া হয়। তার পূর্বসূরি রোমা রিয়াজ মিসবাহর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
মিসবাহ মনে করেন, শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন করা সম্ভব। ২০২৬ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে পাকিস্তানের লাহোরের একটি স্কুল পরিদর্শন করতে দেখা যায়।
সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন স্কুল পরিদর্শন, শিক্ষার্থীদের সঙ্গে দেখা করা এবং তাদের কাছ থেকে শেখার পাশাপাশি পাকিস্তান নিয়ে বিভিন্ন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার পর তিনি একটি বিষয় উপলব্ধি করেছেন—মেয়েদের শিক্ষায় বিনিয়োগ ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিনিয়োগগুলোর একটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলো থেকে জানা যায়, ভ্রমণ করতে পছন্দ করেন মিসবাহ। নতুন সংস্কৃতি সম্পর্কে জানা, স্থানীয় খাবার খাওয়া এবং প্রকৃতির মধ্যে সময় কাটানোও তার পছন্দ।
মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর মুকুট জয়ের পর তিনি জানান, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছে।
নিজের যাত্রা সম্পর্কে মিসবাহ বলেন, জয়ের পরই বোঝা যায়, পুরো যাত্রাটিই ছিল সবচেয়ে বড় পুরস্কার। এই পথে নানা আবেগের মধ্য দিয়ে যেতে হয়, নিয়মিত পরিশ্রম করতে হয়, অনেক কিছু শিখতে হয় এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হয়।
মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর অনুষ্ঠানে পরা সাদা গাউনকে আশার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন মিসবাহ। তার ভাষ্য অনুযায়ী, এটি তাকে নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস কখনো না হারানোর কথা মনে করিয়ে দেয়।
গাউনে থাকা রয়্যাল ব্লু রঙের ক্রিস্টালগুলো শিক্ষা ও জ্ঞানের প্রতীক বলেও জানান তিনি। শেখা এবং নিজেকে উন্নত করার মাধ্যমে মানুষ যে জ্ঞান অর্জন করে, এগুলো তা প্রকাশ করে বলে মনে করেন মিসবাহ।
আগামী ২৪ নভেম্বর ২০২৬ পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।
বিভিন্ন দেশের স্থানীয় আয়োজকেরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করছে। সেই ধারাবাহিকতায় মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর বিজয়ী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ আরশাদ।
মিস ইউনিভার্স পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌন্দর্য, আত্মবিশ্বাস, মার্জিত আচরণ ও দৃঢ় সংকল্প নিয়ে মিসবাহ এখন বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় তিনি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।