বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

কুমিল্লায় ‘মিথ্যা মামলা প্রত্যাহার’-এর দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার অভিযোগ করেন, বড় সঙ্গেশ্বর গ্রামের বাসিন্দা কাজী নুর আলম সিদ্দিকী গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। এর পর তাঁর ছোট ভাই জাফর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদলকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন।

এ ঘটনার জেরে গত ৩ এপ্রিল বিকেলে জাফর বাড়িতে এলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিউল্লাহ ভুট্টু ওরফে পারভেজ তাঁকে ওই স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে একই গ্রামের বিএনপি নেতা আমান উল্লাহ সেখানে এলে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। অভিযোগ করা হয়, এ সময় জাফর আমান উল্লাহকে ঘুষি মেরে চলে যান।

বিএনপি নেতাদের দাবি, পরে জাফর বাড়িতে গিয়ে তাঁদের ঘরবাড়িতে ভাঙচুর চালান। কিন্তু ওই রাতেই জাফরের ভাই নোমান মিয়া বাদী হয়ে উল্টো শফিউল্লাহ ভুট্টুকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ এবং আরও ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা করেন। তাঁরা এই মামলাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন এবং তা প্রত্যাহারের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ সময় পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্বপন, সহসভাপতি ইয়াসিন মজুমদার, যুবদল নেতা মাইন উদ্দিন, ব্যবসায়ী বাহার মজুমদার, যুবদল নেতা খান মোবারক, কাকৈতলা ওয়ার্ড সভাপতি আইউব আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে ‘বাংলাদেশ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: