
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে পৃথক অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার সকাল ৯টা থেকে পরিচালিত এসব অভিযানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা অংশ নেন।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, অভিযানে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও বৈধতার বিষয় যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক। তাদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। আটকদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি কামারুদিন বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ধারায় বৈধ কাগজপত্র বা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত।
এ ছাড়া একই আইনের ১৫(১)(সি) ধারায় বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে।
আটক ১১২ জনকে পরবর্তী ব্যবস্থা ও তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।