
বছরের শুরুতে আগামী মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের অষ্টম আসরে অংশ নিতে দল ঘুছানো শুরু করে দিয়েছে মালিকরা। আগামী ২১ জানুয়ারি তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। এরআগে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
জানা যায়, ৬টি দল অংশ নেবে এবারের আসরে। সব মিলিয়ে ম্যাচ হবে মোট ৩৪টি।
এবারে আইকন খেলোয়াড় না থাকলেও গ্রেডিংভুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের এ, বি, সি, ডি, ই ও এফ গ্রেডে ভাগ করা হয়েছে।
সর্বোচ্চ ৭০ লাখ টাকা পাবেন ‘এ’-গ্রেডের ক্রিকেটাররা। এরপর ৩৫, ২৫, ১৮ ও ১২ লাখ টাকা করে পাবেন তারা। বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ হাজার ডলার।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরের নামটিও হবে বঙ্গবন্ধুর নাম অনুসারে; বঙ্গবন্ধু বিপিএল।
আগেই জানানো হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সম্ভাব্য সময় ২০ জানুয়ারি। তবে ছিল না আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত। বুধবার জানা গেল সেটিও। ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির অষ্টম আসর।
পূর্ব নির্ধারিত ঘোষণামাফিক তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।